
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চারটি পদের তিন দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি ০২/২০২২ ও ০৩/২০২২–এর তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণ সহকারী, গুদাম সহকারী ও সহকারী এবং নিয়োগ বিজ্ঞপ্তি ০৬/২০২২–এর অফিস সহায়ক পদের ৩১ অক্টোবর, ১ নভেম্বর ও ২ নভেম্বরের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। অনিবার্য কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীদের জানানো হবে।
বিএনপি ও জামায়াতে ইসলামী টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দল দুটির পক্ষ থেকে। এই তিন দিনে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর ফলে উৎকণ্ঠায় চাকরিপ্রার্থীরা।