আবহাওয়া অধিদপ্তর

পিএসসির সুপারিশপ্রাপ্তরা পাঁচ বছরেও নিয়োগ পাননি

আবহাওয়া অধিদপ্তর
 ছবি: সংগৃহীত

৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ২০১৭ সালে ৩৯৮ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগের জন্য এই প্রার্থীদের সুপারিশ করেছিল পিএসসি। এর মধ্যে ১১ প্রার্থীকে আবহাওয়া অধিদপ্তরে সহকারী আবহাওয়াবিদ হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। কিন্তু পিএসসির সুপারিশের পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো নিয়োগ পাননি তাঁরা।

৩৫তম বিসিএসে সুপারিশ পাওয়া এই ১১ প্রার্থীর মধ্যে কয়েকজন ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নন-ক্যাডারের জন্য তালিকাভুক্ত হন। কিন্তু পিএসসির নিয়ম অনুযায়ী একবার প্রথম শ্রেণির নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলে পরবর্তীকালে আর আবেদন করা যায় না। তাই পিএসসি তাঁদের আর নতুন করে কোনো পদে নিয়োগের জন্য সুপারিশ করেনি। আবহাওয়া অধিদপ্তরে পাঁচ বছরেও নিয়োগের সুরাহা না হওয়ায় হতাশায় দিন কাটছে তাঁদের।

নিয়োগবঞ্চিত প্রার্থীদের একজন মো. উজ্জ্বল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সুপারিশপ্রাপ্ত অন্যান্য পদের প্রার্থীদের সঙ্গে ২০১৭ সালেই আমাদের ১১ জনের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। পুলিশ ভেরিফিকেশন ইতিবাচক ছিল। কিন্তু পাঁচ বছরেও নিয়োগ পেলাম না। অন্যান্য প্রতিষ্ঠানে আমার সঙ্গে যাঁরা সুপারিশ পেয়েছিলেন, তাঁরা পাঁচ বছর ধরে চাকরি করছেন এবং নিয়মিত বেতন পাচ্ছেন। কিন্তু নিয়োগের জন্য পিএসসির সুপারিশ পাওয়ার পরও পাঁচ বছর ধরে আমি বেকার। আমার চাকরির বয়স শেষ হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের চাকরিই আমার একমাত্র সম্বল। এখন চাকরি না থাকায় সমাজ ও পরিবারের কাছে প্রতিনিয়ত হেয় হচ্ছি।’

সহকারী আবহাওয়াবিদ পদে সুপারিশ পাওয়া প্রার্থী মোহাম্মদ আরিফুল হাসান প্রথম আলোকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়োগবিধি সামরিক সরকারের আমলে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ে সেই নিয়োগবিধি বাতিল হয়। এরপর আর নতুন কোনো নীতিমালা তৈরি করা হয়নি। তাই তাঁদের নিয়োগ দিচ্ছে না। কিন্তু গত পাঁচ বছরেও নতুন নিয়োগবিধি তৈরি করা হয়নি।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমাদের জনবলের ঘাটতি রয়েছে। তাঁদের নিয়োগ হলে আমরাই উপকৃত হব। তবে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই। সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে।’

পিএসসির নন-ক্যাডার শাখার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে সুপারিশ করার পর পিএসসির আর কোনো কিছু করার থাকে না। পিএসসির সুপারিশ পাওয়ার পর সাধারণত প্রতিষ্ঠানগুলো দ্রুত নিয়োগ দিয়ে থাকে। কিন্তু আবহাওয়া অধিদপ্তরে এই প্রার্থীদের দীর্ঘদিনেও নিয়োগ না পাওয়া দুঃখজনক।