বাংলাদেশ ব্যাংকের এডির প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন করণীয়

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতে সময় নেই, তাই তাড়াহুড়া না করে এ সময়ে কীভাবে নিজেকে গুছিয়ে নেবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে কর্মরত ব্যাসদেব দে।

সঠিকভাবে নিয়মিত পড়াশোনা করলে বাংলাদেশ ব্যাংকে ক্যারিয়ার গড়া সম্ভব
ছবি: প্রথম আলো

শেষ সময়ের প্রস্তুতিতে করণীয়
পরীক্ষার আগের দিন এসে অনেকে হাল ছেড়ে দিয়ে বসে থাকেন, ভাবতে থাকেন আমাকে দিয়ে হবে না। আমি তো ভালোভাবে প্রস্তুতি নিইনি। তাহলে কীভাবে পারব আমি? কেউ কেউ তো হতাশায় পরীক্ষাতেই বসেন না।

সারা বছর আপনি একেবারে বসে থাকেননি। কিছু না কিছু প্রতিদিনই অধ্যয়ন করেছেন। আপনি হয়তো গুছিয়ে প্রস্তুতি নেননি। কেউ কেউ নোট করে গুছিয়ে নিয়েছেন সবকিছু। তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। পরীক্ষায় বসাটাও একধরনের যোগ্যতা।

প্রস্তুতির ক্ষেত্রে এটা যাঁর যাঁর নিজস্ব কৌশলমাত্র। আপনি যেভাবে মনে রাখতে পারবেন ভেবেছেন, সেভাবেই চেষ্টা করেছেন। আপনি এত দিন যেভাবেই পড়াশোনা করেন না কেন, পরীক্ষার আগের মুহূর্ত অনেক গুরুত্ব বহন করে। এ সময়ে আপনি কী কী রিভিশন দেবেন, তার ওপর আপনার পরীক্ষা অনেকাংশে নির্ভর করে। এখানে বিষয়ভিত্তিক আলোচনা করা হলো, যা আপনাদের কাজে আসবে।

বিষয়ভিত্তিক পড়াশোনা
যা পড়ার এত দিনে পড়ে ফেলেছেন, এখন শুধু চোখ বুলিয়ে যাবেন। পরীক্ষার আগের মুহূর্তে আমাদের ভীতির বিষয় হলো গণিত। কী আসবে? কীভাবে আসবে? কতটা সময় পাব?—এমন অনেক প্রশ্ন। সেট, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, দূরত্ব ও উচ্চতা, বীজগাণিতিক অনুপাত, পরিমিতি, ঘন জ্যামিতি, সম্ভাবনা, বিন্যাস ও সমাবেশ, নৌকা ও স্রোত, নল ও চৌবাচ্চা, সময় ও কাজ, শতকরা, গড়, অংশীদারত্ব, লাভ-ক্ষতি ইত্যাদি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূত্রগুলো লিখে ফেলুন এবং বারবার চোখ বুলিয়ে নিন।
ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি যদি নোট করে থাকেন, সেগুলো দেখে নিন। Spelling Mistake, Idioms and Phrases, Appropriate Preposition, preposition, অর্থাৎ মুখস্থ অংশটুকু দেখে নিন, খুব কাজে দেবে।

বাংলা ও কম্পিউটারবিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে বিগত চার-পাঁচ সালের প্রশ্ন দেখে নিতে পারেন।

সাধারণ জ্ঞানের জন্য কোনোভাবেই সমসাময়িক ইস্যুগুলো মিস করা যাবে না। যেমন নোবেল পুরস্কার, এশিয়া কাপ, বিশ্বকাপ ক্রিকেট-২০২৩, ফিলিস্তিন ইস্যু, প্রধানমন্ত্রীর বিভিন্ন সফরসহ অন্যান্য বিষয় ভালোভাবে দেখে নেবেন।

পরীক্ষার আগের দিনে করণীয়
নিজেকে সম্পূর্ণ আত্মবিশ্বাসী রাখুন এবং মনোবল বৃদ্ধি করুন। আপনি এর আগে অনেক চাকরির পরীক্ষা দিয়েছেন, এটাকেও তেমন পরীক্ষা ভাবতে পারেন। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রাখুন, যেন যাওয়ার সময় কোনো কিছু খুঁজতে গিয়ে মানসিক চাপ না নিতে হয়। একটি রাফ কাগজে গুরুত্বপূর্ণ অথচ আপনার মনে থাকে না, এমন তথ্য (গণিতের সূত্র, সাধারণ জ্ঞানের প্রশ্ন ইত্যাদি) লিখে রাখুন। রাতে যেন ভালো ঘুম হয়, সে জন্য মেডিটেশনও করতে পারেন। সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথেও দেখে নেবেন, ভালো মনে থাকবে। কী পারেন আর কী পারেন না, সে হিসাব না করে একটি সুন্দর পরীক্ষা দেবেন—এই বিশ্বাস নিয়ে ঘুমাতে যাবেন।

পরীক্ষায় সময় বণ্টন ও উত্তর করার কৌশল
১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য আপনি ৬০ মিনিট সময় পাবেন। অর্থাৎ প্রতিটি সেকেন্ড আপনার জন্য অনেক গুরুত্ব বহন করে। আপনার স্ট্রং ও উইক জোন আপনার জানা আছে। আপনি যদি বাংলা ভালো পারেন, তবে সেটা দিয়ে শুরু করুন। কোনো প্রশ্নের উত্তর মাথায় না এলে মার্ক করে পরের প্রশ্নে চলে যান। কোনোভাবেই বেশি সময় নিয়ে কোনো উত্তর দেবেন না। বাংলার জন্য ৫ থেকে ৭ মিনিট সময় রাখতে পারেন। এরপর ইংরেজি শুরু করতে পারেন। সেখানে কোনোভাবেই ১০ থেকে ১২ মিনিটের বেশি সময় নেবেন না। কম্পিউটারবিজ্ঞান ও সাধারণ জ্ঞানের জন্য আপনার বরাদ্দ হতে পারে ১৫ মিনিট। যা পারেন, এই সময়ের মধ্যে তার উত্তর করে ফেলুন।
গণিত শেষে রাখাই ভালো। গণিতের উত্তর করার জন্য ২৫ থেকে ৩০ মিনিট পাবেন। এ সময়ে একনজরে চোখ বুলিয়ে যে যে অঙ্ক আপনি দ্রুত সমাধান করতে পারবেন, সেগুলো আগে করে ফেলবেন। বড় বড় সমস্যা সবার শেষে দেখবেন। এতে আপনি অনেক এগিয়ে থাকবেন। বেশ কিছু ছোটখাটো অঙ্ক আসে, যেগুলো পরে সময় স্বল্পতার কারণে উত্তর করা যায় না। তাই কৌশল খাটিয়ে গণিতের উত্তর করলে আপনার জয় অনেকটা নিশ্চিত করবে।

অঙ্কের ক্ষেত্রে অনেকেই শর্টকাট অনুসরণ করেন। বেশির ভাগ সময় যেটা হয়, শর্টকাট সূত্র মনে আসে না, তাই সহজ সমস্যাগুলোও সমাধান করা সম্ভব হয় না। এ ব্যাপারে একটু সতর্কতা অনুসরণ করবেন। মনে রাখবেন, পরীক্ষার এই এক ঘণ্টাই নির্ধারণ করবে আপনার চাকরিটা হবে কি হবে না। তাই এই সময়টুকুর সঠিক ব্যবহার করুন।

আপনি অবশ্যই কষ্ট করেছেন, তাই হতাশ হবেন না। নিজের ওপর শতভাগ বিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন। নিশ্চয়ই ভালো কিছু হবে।