
অনলাইন প্ল্যাটফর্মে চাকরি খুঁজতে গিয়ে কঠিন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন দেশের বহু তরুণ ও চাকরিপ্রার্থী। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটি ঘটনার কথা তুলে ধরেছে। যেখানে একজন চাকরিপ্রার্থী লিংকডইনে পাওয়া ভুয়া ইন্টারভিউর লিংকে ঢুকে মুহূর্তের মধ্যেই ১৮ হাজার পাউন্ডের (প্রায় ২৮ লাখ টাকা) ক্রিপ্টোকারেন্সি ও জমানো সব সঞ্চয় হারিয়েছেন।
বাংলাদেশও আজ এই অনলাইন প্রতারণার বড় ঝুঁকির মধ্যে রয়েছে। লিংকডইন বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া রিক্রুটার বা নিয়োগকর্তারা এখন সক্রিয়। তাঁরা আকর্ষণীয় পদের প্রলোভন দেখিয়ে মেসেজ পাঠান। এরপর ইন্টারভিউ বা ‘টেকনিক্যাল টেস্ট’-এর নাম করে ই–মেইলে বিশেষ কোনো ফাইল, সফটওয়্যার বা ভুয়া ইন্টারভিউ টুল ডাউনলোড করতে বলে।
চাকরিপ্রার্থী সেই ফাইলে ক্লিক করলেই বা ভুয়া সফটওয়্যার ইনস্টল করলেই ক্ষতিকারক ‘মালওয়্যার’ বা ভাইরাস ঢুকে পড়ে ডিভাইসে। মুহূর্তেই হ্যাকাররা মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে ব্যাংক অ্যাকাউন্ট বা ই-ওয়ালেটের পাসওয়ার্ড চুরি করে সব টাকা হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে যায় প্রতারক চক্র।
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সুযোগ কম থাকায় অনেক তরুণ সন্দেহজনক বিষয়গুলো না দেখেই ভুল লিংকে ক্লিক করে ফেলেন। কিন্তু সামান্য একটু সতর্কতা এই ক্ষতি থেকে বাঁচাতে পারে।
প্রতিষ্ঠান যাচাই করুন
কোনো বার্তা পেলে আগে ওই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ চেক করুন। প্রয়োজনে সরাসরি প্রতিষ্ঠানে ফোন দিয়ে সার্কুলারটি সত্যি কি না, তা নিশ্চিত হোন।
সন্দেহজনক ফাইল বা সফটওয়্যার ডাউনলোড নয়
কোনো রিক্রুটার যদি কোনো অজানা অ্যাপ, সফটওয়্যার বা ড্রাইভের বিশেষ লিংক ডাউনলোড করতে বলে, তবে তাতে ক্লিক করবেন না।
বিনা মূল্যে মেইল অ্যাড্রেস এড়িয়ে চলুন
কোনো প্রতিষ্ঠিত কোম্পানি সাধারণত জিমেইল বা ইয়াহু থেকে মেইল পাঠায় না। তাদের নিজস্ব ডোমেইন বা অফিশিয়াল ই–মেইল অ্যাড্রেস থাকে।
টাকা বা ব্যক্তিগত গোপন তথ্য দেবেন না
কোনো ইন্টারভিউ বা নিয়োগপ্রক্রিয়ার জন্য টাকা চাওয়া হলে বুঝে নেবেন সেটি শতভাগ ভুয়া। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না।
সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার
আপনার মোবাইল ও কম্পিউটারে সব সময় আপডেট করা অ্যান্টিভাইরাস এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন।
অনলাইনে চাকরি খোঁজার সময় অতিরিক্ত উৎসাহী না হয়ে সতর্ক থাকাই সাইবার প্রতারকদের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায়। বিবিসি অবলম্বনে