দেশ ও সমাজকে সাজাতে শিক্ষার বিকল্প নেই: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘তাজকেরা-গোলাম মোস্তফা সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিং সেন্টার’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান।
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, শিক্ষা অজ্ঞতা-অন্ধতার অবসান ঘটিয়ে আলোকিত আগামীর পথ দেখায়। শিক্ষা সমাজে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তনই শুধু আনে না, এটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সমৃদ্ধ জীবনের দুয়ার খুলে দেয়। তাই দেশ ও সমাজকে সাজাতে শিক্ষার বিকল্প নেই। আর মানসম্মত শিক্ষা প্রদান করতে মানসম্মত শিক্ষক অপরিহার্য। মানসম্মত শিক্ষক সৃষ্টির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ আত্মজিজ্ঞাসার দুয়ার খুলে দেয়। সৃষ্টি করে আত্মপ্রত্যয়।

গতকাল শনিবার বিকেলে ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘তাজকেরা-গোলাম মোস্তফা সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিং সেন্টার’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম খান এসব কথা বলেন।

আমিনুল ইসলাম খান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিক্ষণ মান উন্নয়ন অতীব গুরুত্বপূর্ণ। ছাত্রদের মধ্যে কৌতূহল সৃষ্টি, তাদের মননে জানার জন্য অনন্ত পিপাসা জাগ্রত করতে পারাই সফল শিক্ষকের পরিচায়ক। তিনি বদলে যাওয়া পৃথিবীর পরিবর্তিত রূপের সঙ্গে উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আমেরিকার পুরডিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আহমেদ মোস্তফা, অধ্যাপক আহমেদ ইসমাইল মোস্তফা, বিচারপতি জামিল মোস্তফা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সারওয়ার কামাল প্রমুখ।