পঞ্চম শ্রেণি – বাংলা | সংকল্প : প্রশ্নোত্তর

সংকল্প

প্রশ্ন

বীর ডুবুরি কী করে?

উত্তর: গভীর পানিতে ডুব দিয়ে যারা কোনো জিনিস উদ্ধার করে আনে, তাদের ডুবুরি বলা হয়। ‘সংকল্প’ কবিতায় কবি ডুবুরিদের বীর হিসেবে আখ্যায়িত করেছেন।

বীর ডুবুরিরা নদী বা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে। নদী বা সমুদ্রের গভীর তলদেশে কোনো নৌকা, লঞ্চ বা জাহাজ নিমজ্জিত হলে বীর ডুবুরিরা তা উদ্ধার করে।

প্রশ্ন

সংকল্প কবিতার মূলভাব লেখো।

সংকল্প কবিতার মূলভাব নিচে লেখা হলো:

কিশোর মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। বুঝতে চায় কেন মানুষ অসীমে, অতলে, অন্তরীক্ষে ছুটছে। বীর কেন জীবন বিপন্ন করে মৃত্যুকে বরণ করছে। সে আরও জানতে চায়, ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছেন। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীর সবকিছুকে ঘুরেফিরে দেখবে।

প্রশ্ন

৭টি ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ লেখো।

উত্তর

চলিত রূপ ------- সাধু রূপ

আঁকব ------- আঁকিব

দেখব ------- দেখিব

ঘুরছে ------- ঘুরিতেছে

মরছে ------- মরিতেছে

ছুটছে ------- ছুটিতেছে

আসছে ------- আসিতেছে

চলছে ------- চলিতেছে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্বের দিনের প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে এই অধ্যায়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর স্যারের ছোট্ট কিন্তু অসাধারন একটি ভিডিও দেখে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলোনা।