অষ্টম শ্রেণি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রশ্নোত্তর

অধ্যায় ১

প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর: বর্তমান সময়ে সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। প্রাচীনকালে যোগাযোগের মাধ্যম ছিল ঘোড়ায় চড়ে, হেঁটে কিংবা বিভিন্ন পোষা প্রাণীর মাধ্যমে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে যোগাযোগব্যবস্থা এখন মানুষের হাতের মুঠোয়। এখন যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত েথকে অন্য কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে বা কথা বলতে পারে। এ কারণে বর্তমান পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ । তথ্য ও যোগাযোগপ্রযুক্তির গুরুত্বপূর্ণ উন্নয়নের ফলেই পৃথিবীর যোগাযোগ ক্ষেত্রে এই বৈপ্লবিক অগ্রগতি সম্ভব হয়েছে।

টেলিফোন: টেলিফোন আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থা অনেক সহজ হয়। যার ফলে যেকোনো ব্যক্তির সঙ্গে সহজেই যোগাযোগ

করা যায়।

মুঠোফোন: মুঠোফোন আবিষ্কারের ফলে যোগাযোগের ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। বর্তমানে যেকোনো ব্যক্তি যেকোনো জায়গায় বসে পৃথিবীর যেকোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারছেন।

বর্তমান ফোনের মাধ্যমে ভিডিও কলও করা যায়। এছাড়া ই-মেইল, টুইটার, ফেসবুক, ফ্যাক্স ইত্যাদি

ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা সহজতর হয়েছে।

কম্পিউটার: কম্পিউটার আবিষ্কারের ফলে যোগাযোগব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যায়। যেমন (ই-মেইল, ভিডিও চ্যাটিং, স্কাইপি, সামাজিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ সহজতর হচ্ছে।

শেষে বলা যায়, যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবদান অনেক বেশি।

প্রশ্ন: সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে—বর্ণনা দাও।

উত্তর: বর্তমানে বিভিন্ন নাগরিক কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি ক্ষেত্রে আইসিটির ভূমিকা সম্পর্কে উল্লেখ করা হলো:

১. ওয়েবসাইট ও পোর্টালের মাধ্যমে সব তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া।

২. জমিজমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য, বিভিন্ন জমির দলিলের জন্য আবেদন করা এবং অনুলিপি সংগ্রহের জন্য ই-পর্চার ব্যবস্থা রয়েছে।

৩. কৃষকের ই-পুর্জি মুঠোফোনের মাধ্যমে পেয়ে যথাসময়ে চিনিকলে ইক্ষু সরবরাহ করতে পারেন।

৪. পাবলিক পরীক্ষার ফলাফল এখন অনলাইন ওয়েবসাইটে এবং মুঠোফোনে পাওয়া যায়।

৫. অনলাইনে পাঠ্যপুস্তক প্রাপ্তি এবং পড়ার জন্য ই-বুক ব্যবহৃত হয়।

৬. ই-স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসা প্রদানে মুঠোফোনভিত্তিক টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।

৭. অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করা হয়।

৮. পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি হস্তান্তরের মাধ্যমে বর্তমানে দেশে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ দ্রুত ও সহজ হয়েছে।

৯. বর্তমানে বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল অনলাইনে বা মুঠোফোনের মাধ্যমে পরিশোধ করা যায়।

১০. ট্রেন বা বিমানের টিকিটও বর্তমানে মুঠোফোন ও ইন্টারনেটের মাধ্যমে করা যায়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল