২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

অধ্যায়-৯

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

বর্ণনামূলক প্রশ্ন:

প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো।

উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য নিচে ব্যাখ্যা করা হলো—

বিজ্ঞান হলো প্রযুক্তি-সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে।

অপরদিকে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। যেমন—বিজ্ঞানীরা বিদ্যুত্ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞান আমাদের জীবনের মানোন্নয়নের জন্য বিভিন্ন প্রযুক্তি যেমন—রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়।

প্রশ্ন: কৃষিপ্রযুক্তি কীভাবে আমাদের জীবনমান উন্নত করে?

উত্তর: কৃষিপ্রযুক্তি বিভিন্নভাবে আমাদের জীবনমান উন্নত করে। যেমন—

১. বর্তমানে ট্রাক্টর, সেচপাম্প, ফসল মাড়াইযন্ত্র ইত্যাদি আধুনিক কৃষিপ্রযুক্তি স্বল্প সময়ে অধিক খাদ্য উত্পাদনে সহায়তা করছে। ফলে মানুষ কম পরিশ্রমে স্বল্প সময়ে খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে।

২. জৈব প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উত্পাদনে সহায়তা করছে। ফলে মানুষ আগের চেয়ে অনেক বেশি ফসল পায়, যা তার নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে অর্থ উপার্জনে সাহায্য করে।

প্রশ্ন: প্রযুক্তি কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে?

উত্তর: প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন—বিজ্ঞানীরা বিদ্যুত্ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের জ্ঞান সৃষ্টি করেন।  এই বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর প্রযুক্তি ব্যবহার করে রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন, বৈদ্যুতিক বাতি ইত্যাদি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।

প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত; ব্যাখ্যা করো।

উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। এগুলোর একটিকে বাদ দিয়ে অন্যটির উন্নয়ন বা অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন বিজ্ঞানের নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করা সম্ভব, ঠিক তেমনি নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্যও দরকার বৈজ্ঞানিক তত্ত্বের প্রয়োগ ও ব্যবহার। বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি পথচলাই আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলেছে। প্রযুক্তি ছাড়া যেমন বিজ্ঞানকে ব্যাখ্যা করা সম্ভব নয়, ঠিক তেমনি বিজ্ঞান ছাড়া প্রযুক্তির উদ্ভাবনও সম্ভব নয়।

তাই বলা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পরের পরিপূরক।

প্রধান শিক্ষক

ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা