পঞ্চম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর

অধ্যায় ৬

প্রশ্ন: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো।

উত্তর: মানুষের কারণেও দুর্যোগের ঘটনা ঘটে থাকে। দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ হলো—

ক. শিল্পকারখানা এবং যানবাহনের ধোঁয়া

খ. গাছপালা কেটে ফেলা।

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো।

উত্তর: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ হলো:

ক. নির্বিচারে গাছপালা কেটে ফেলা

খ. কারখানার ও যানবাহনের ধোঁয়া

গ. জলাধার ভরাট করা।

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদীভাঙনের প্রবণতা রয়েছে? কেন?

উত্তর: বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে। তাই এ দেশের অনেক জায়গাতেই নদীভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর বিলীন হয়ে যায়।

IRIN-এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের নদীভাঙনের প্রবণতা বেশি রয়েছে পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা ও যমুনা নদীর তীরবর্তী অঞ্চলসমূহে।

বন্যা নদীভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে, ফলে বন্যার সময় নদীভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানবসৃষ্ট কারণগুলোও নদীর পাড় ভাঙনের জন্য দায়ী—

১. নদী থেকে বালু উত্তোলন

২. নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা।