পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা | প্রশ্নোত্তর

কাঞ্চনমালা আর কাঁকনমালা

প্রশ্ন: তোমার মা বাড়িতে কী ধরনের পিঠা বানায়—লেখো।

উত্তর: আমার মা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা বানায়। মায়ের তৈরি এই মজার পিঠাগুলো হলো ভাপা, পাটিসাপটা, চিতই, চন্দ্রপুলি, রসে ভেজা পিঠা।

প্রশ্ন: তুমি কী মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল?

উত্তর: অচেনা লোকটির মন্ত্রবলে রাজার শরীরের সব সুচ নকল রানির চোখেমুখে বিঁধে যায়। লোকটা যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসত, তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন। আমি মনে করি অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেয়েছে।

প্রশ্ন: কীভাবে লোকেরা নকল রানিকে বুঝে ফেলল?

উত্তর: অচেনা মানুষটির ফরমাশে কাঁকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে। কাঁকনমালার তৈরি পিঠা ছিল বিস্বাদ এবং আলপনা আঁকছিল অসুন্দর। অন্যদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু এবং আলপনা আঁকাও ছিল চমত্কার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরণ দেখে লোকেরা বুঝে ফেলল, কে আসল রানি আর কে দাসী।

প্রশ্ন: রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন?

উত্তর: অচেনা মানুষটি কৌশলে রাজার সব সুচ নকল রানির গায়ে বিঁধিয়ে দেওয়ার পর রাজা চোখ মেলেন। বহু বছর পর রাজা দেখেন সূর্যের আলো, সবুজ পাতা আর সামনে দেখেন সেই অচেনা মানুষটিকে। একনজরেই রাজা চিনতে পারেন, ওই মানুষটি আর কেউ নয়, রাজার ছেলেবেলার রাখাল বন্ধু। সঙ্গে সঙ্গে ছেলেবেলার প্রতিজ্ঞার কথাও তার মনে পড়ে যায়। রাখাল বন্ধুকে দুই হাতে জড়িয়ে ধরে রাজা তার ভুলের জন্য ক্ষমা চাইলেন। আর সেই দিন থেকে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে রাজা তার প্রতিজ্ঞা পালন করলেন।

প্রশ্ন: গল্পটা তোমার কেমন লেগেছে? বর্ণনা দাও।

উত্তর: কাঞ্চনমালা আর কাঁকনমালা গল্পটি খুব ভালো লেগেছে আমার।

এই গল্প থেকে আনন্দ পাওয়ার পাশাপাশি আমি অনেক কিছু শিখতেও পেরেছি। প্রতিজ্ঞা পালনের গুরুত্ব, প্রতারণা ও লোভের কুফল, ইত্যাদির ধারণা পেয়েছি। তা ছাড়া আসল বন্ধুত্বের সম্পর্ক কেমন হয় সেই বিষয়টিও অনুভব করতে পেরেছি।

প্রশ্ন: বিপরীত শব্দ জেনে নাও। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।

কান্না–হাসি, চেনা–অচেনা, ভালো–মন্দ, বড়– ছোট, আলো–অন্ধকার

ক. প্রতিযোগিতায় পরাজিত হয়ে রহিম ধরে রাখতে পারল না।

খ. লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।

গ. রাসেল বয়সে হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।

ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব মনে হচ্ছে।

ঙ. বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে নেমে এল।

উত্তর

ক. প্রতিযোগিতায় পরাজিত হয়ে রহিম কান্না ধরে রাখতে পারল না।

খ. মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।

গ. রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।

ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে।

ঙ. বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে অন্ধকার নেমে এল।