
পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ অথবা কবিতাংশ থেকে। আজ থাকছে কবিতাংশ-সম্পৃক্ত প্রশ্নোত্তর।
# প্রদত্ত কবিতাংশ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
ফুল পাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. কবিতাংশটি যে বিষয় নিয়ে লেখা—
ক. ফুলপাখি খ. একুশে ফেব্রুয়ারি গ. ঝরনা-সাগর ঘ. পাহাড় ও অরণ্য
২. আমার মায়ের ভাষা কী?
ক. বাংলা খ. উর্দু গ. ফারসি ঘ. হিন্দি
৩. বাংলা ভাষা কার দান?
ক. শহিদ মাতার খ. শহিদ পিতার গ. শহিদ মেয়ের ঘ. শহিদ ছেলের
৪. কোন ভাষাকে ‘মধুর ভাষা’ বলা হয়েছে?
ক. ইংরেজি ভাষাকে খ. বাংলা ভাষাকে গ. আপন ভাষাকে ঘ. নিজের ভাষাকে
৫. ভাষা আন্দোলনের সঙ্গে যে তারিখটি জড়িত?
ক. সাতই মার্চ খ. একুশে ফেব্রুয়ারি গ. ছাব্বিশে মার্চ ঘ. ষোলোই ডিসেম্বর।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. খ. একুশে ফেব্রুয়ারি, ২. ক. বাংলা ৩. ঘ. শহিদ ছেলের, ৪. খ. বাংলা ভাষা ৫. খ. একুশে ফেব্রুয়ারি।
২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
ক. সাগর খ. শহিদ গ. মধুর ঘ. ভাষা ঙ. ঝরনা।
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. সাগর—সমুদ্র
খ. শহিদ—ন্যায়ের জন্য যাঁরা জীবন দেন
গ. মধুর—অত্যন্ত মিষ্ট
ঘ. ভাষা—মনের ভাব প্রকাশের সংকেত
ঙ. ঝরনা—ফোয়ারা।
৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।
ক. কবি মায়ের ভাষাকে মধুর ভাষা বলেছেন কেন?
খ. ফেব্রুয়ারি মাসে কীভাবে বাংলার ছেলেরা শহিদ হন?
গ. ‘পাখিদেরও ভাষা রয়েছে’—কথাটি বুঝিয়ে লেখো।
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
আমরা ছোটবেলা থেকে মায়ের ভাষায় কথা বলতে শিখি। আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষায় মাকে ‘মা’ ডাকার মধ্যে যে নিবিড় অনুভূতি ও বন্ধন লুকিয়ে আছে, তা অন্য কোনো ভাষায় নেই। এ কারণে কবি মায়ের ভাষাকে মধুর ভাষা বলেছেন।
(খ)
বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে বাংলার দামাল ছেলেরা আন্দোলন শুরু করেন। একুশে ফেব্রুয়ারি এ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর পাকিস্তানি পুলিশ গুলি চালায়। বাংলার অনেক দামাল ছেলে সেদিন পুলিশের গুলিতে শহিদ হন।
(গ)
আমাদের মতো পাখিরাও তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। তাদেরও ভাষা রয়েছে। মাতৃভাষা বাংলা ভাষায় আমরা যেমন মনের ভাব প্রকাশ করি। তেমনি পাখিরাও গানে গানে তাদের ভাষার বহিঃপ্রকাশ ঘটায়।
৪। প্রদত্ত কবিতাংশের মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ এই দিনে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালালে অনেকে শহিদ হন। শহিদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা