
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা বাতিলের পর এবার একটি তদন্ত কমিটি গঠন করেছে মাউশি। সংস্থাটির পরিচালক (প্রশিক্ষণ) প্রবীর কুমার ভট্টাচার্য্যকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। মাউশির দুজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
এই কমিটির অপর দুই সদস্য হলেন, উপ-পরিচালক (কলেজ-২) মো.এনামুল হক হাওলাদার এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ শাখা-৩) মো.আনোয়ারুল আউয়াল খান।
এর আগে গত ১৯ মে এই পরীক্ষা বাতিল করা হয়েছিল। মাউশির অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য গত ১৩ মে ঢাকার ৬১টি কেন্দ্রে পরীক্ষা হয়। ৫১৩টি পদের জন্য পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার।
ওই দিন রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সুমন জোয়াদ্দার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর প্রবেশপত্রের পেছনে ৭০ নম্বরের উত্তর লেখা ছিল। ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন, পরীক্ষা শুরুর ৪২ মিনিট আগে প্রশ্নপত্রের উত্তর পেয়েছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তাসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
মুঠোফোনের তথ্য যাচাই-বাছাই করে ডিবি বলেছিল, সুমনকে উত্তরপত্র পাঠান পটুয়াখালীর খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক সাইফুল ইসলাম। তাঁকেও গ্রেপ্তার করা হয়। পরে সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৪ বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও পটুয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম, মাউশির উচ্চমান সহকারী আহসান হাবিব ও অফিস সহকারী নওশাদকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের উৎসটি বের করা হয়েছে কী না সেটি এখনো জানানো হয়নি।
তদন্তের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচজনকে ধরেছি। এখন প্রবেশপত্রের পেছনে উত্তর লেখাটি কার হাতের তা খুঁজে বের করার চেষ্টা করছি।’