
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক–কর্মচারী কল্যাণ ট্রাস্টি বোর্ডে ২১ সদস্যের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এতে পঞ্চমবারের মতো সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান সচিব মো. শাহজাহান আলম। এর আগে তিনি চার মেয়াদে ১২ বছর এই পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক।
আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজই শাহজাহান আলম এই পদে পুনরায় যোগদান করেছেন।
সারা দেশের এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসরের পর কল্যাণ সুবিধা দেওয়া হয় এই বোর্ড থেকে। এই বোর্ডে পদাধিকার বলে চেয়ারম্যান হন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং ভাইস চেয়ারম্যান হন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
তবে কল্যাণ ট্রাস্টি বোর্ডে প্রশাসনিক কাজগুলো করেন সচিব। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে থেকে একজনকে সচিব করা হয়। সদস্য হিসেবেও থাকেন অধিকাংশ শিক্ষক। তবে মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সদস্য হিসেবে থাকেন।
এ ছাড়া অবসর সুবিধার টাকা দেওয়া হয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক–কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে।