জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস

সেরা ১০ দলের অনলাইন প্রেজেন্টেশন অনুষ্ঠিত

জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে পা রাখা সেরা ১০ দলকে নিয়ে প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনলাইনে এই প্রেজেন্টেশন হয়। এটি মূলত পুরকৌশলের শিক্ষার্থী ও স্নাতকদের জন্য একটি ‘কাঠামোগত প্রকৌশল নকশা’ প্রতিযোগিতা।

জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াসের পুরো আয়োজনের উদ্দেশ্য হলো ভৌত স্থাপনার প্রকৌশলচর্চা বিষয়ে সচেতনতা তৈরি, পুরকৌশল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের আন্তর্জাতিক মানে গড়ে উঠতে অনুপ্রেরণা দেওয়া।

আয়োজনের একাডেমিক সহযোগী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগ ও বুয়েট-জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি (বুয়েট-জেআইডিপিইউএস)। দুটি ধাপ পেরোনোর পর চূড়ান্ত পর্বে পা রাখা সেরা ১০ দলকে নিয়ে শনিবার অনলাইন প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

সেরা ১০ দল হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট স্পার্কলার্স ও টিম ডেক্সট্রস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট ক্রিপ্টোনাইট ও সাস্ট ইনভিন্সিবল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিস্ট টাস্কফোর্স ও স্পার্কস অব মিস্ট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনারশিয়া, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্য কনকিওরার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বিল্টেক এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের টিম ইউআইটিএস। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো।