
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল গতকাল শুক্রবার। পরীক্ষার সময় ক্যাম্পাসের কলাভবন কেন্দ্রের একটি কক্ষে পরিদর্শকদের সিদ্ধান্তহীনতার কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছেন কয়েকজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। একে অনিয়ম হিসেবে উল্লেখ করে তাঁরা এই পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানিয়েছেন।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা হয়েছে দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে। ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বড় কেন্দ্র ছিল কলাভবন। এই কেন্দ্রের ২০৬৮ নম্বর কক্ষে বিশৃঙ্খলার ঘটনা ঘটে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কলাভবনের ২০৬৮ নম্বর কক্ষের পরিদর্শকেরা পৌনে ১১টার দিকে কক্ষে প্রবেশ করেন। কিন্তু তাঁরা ওই কক্ষের পরীক্ষার্থীসংখ্যার সমপরিমাণ ওএমআর শিট ও প্রশ্নপত্র নিয়ে যাননি। এ কারণে ৩০-৩৫ জন শিক্ষার্থী যথাসময়ে ওএমআর ও প্রশ্নপত্র পাননি। কক্ষ পরিদর্শকদের সিদ্ধান্তহীনতার কারণে এ নিয়ে সেখানে তুমুল হইচই হয়। পরে অবশ্য ওই শিক্ষার্থীদের ওএমআর ও প্রশ্ন সরবরাহ করে আধা ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু শুরুতেই প্রশ্ন পাওয়ায় শিক্ষার্থীদের একটি অংশের পরীক্ষা আগেই শেষ হয়ে যাওয়ায় খাতা জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর ফলে দেরিতে পরীক্ষা শুরু করা শিক্ষার্থীরাসহ অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি ক ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সীতেশ চন্দ্র বাছার। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট ডিনের সঙ্গে কথা বলবেন।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মাসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ক ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৭১২ জন শিক্ষার্থী।