
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাস্টার্সে (স্নাতকোত্তর শ্রেণি) শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে মাস্টার্সে ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্টার্সে ভর্তির ফরম নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এসএসসি, এইচএসসি ও স্নাতক (সম্মান) পাসের মার্কশিট বা সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মাস্টার্সে ভর্তি ফি জমা বাবদ শিওর ক্যাশ প্রদত্ত ট্রানজেকশন কনফার্মেশন এসএমএসের তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নিরীক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ফরমগুলো একটি তালিকা করে সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় পাঠাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুনঃ ভর্তির ক্ষেত্রেও ফরম নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। ফরমের পাশাপাশি সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মাস্টার্সে পুনঃ ভর্তির ভর্তি ফি জমা বাবদ শিওর ক্যাশ প্রদত্ত ট্রানজেকশন কনফার্মেশন এসএমএসের তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি এবং সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নিরীক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
এ ক্ষেত্রে ভর্তি ফি ও বিভাগ কর্তৃক আদায়যোগ্য ফি একত্রে (এমএ বা এমএসএস বা এমবিএ ৪ হাজার ৫০ টাকা এবং এমএসসির ৪ হাজার ৮৫০ টাকা নির্ধারিত হয়েছে। পুনঃ ভর্তির ক্ষেত্রে পুনঃ ভর্তির ফি শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
**ভর্তির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন