চবি ভর্তি পরীক্ষার বি, এ, সি ইউনিটের সংশোধিত ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত এ এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।

কলা ও মানববিদ্যা অনুষদের সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে সাজানো হয়েছে বি ইউনিট। ২০ আগস্ট এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৬ হাজার ৬০৭ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। সেই হিসাবে পাসের হার ৪৩।

এর আগে গত সোমবার এ এবং সি ইউনিটের ফলাফলের ত্রুটির ধরা পড়ে। পরীক্ষায় অংশ নেওয়া যশোর বোর্ডের শিক্ষার্থীদের মাধ্যমিকের জিপিএর শেষ ডিজিট (শেষ সংখ্যা) যোগ করা হয়নি। অর্থাৎ মাধ্যমিকে (এসএসসি) যাঁরা জিপিএ-৪ দশমিক ৪২ পেয়েছিলেন তাঁদের জিপিএ-৪ দশমিক ৪, যাঁরা ৪ দশমিক ৭৮ পেয়েছেন, তাঁদের ৪ দশমিক ৭ ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের এই ভুলে যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে যাঁরা পাস করেছেন, তাঁদের মেধাক্রম পিছিয়ে যায়। পরে গতকাল রাতে সংশোধন করে আবার প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, টেলিটক থেকে পাঠানো তথ্য কনভার্ট সার্ভারে তুলতে গিয়ে ত্রুটি হয়েছিল। এগুলো ঠিক করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।

১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিট চারটি অনুষদ দিয়ে সাজানো হয়েছে। বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ—এ চার অনুষদে বিভাগ রয়েছে ২০টি। আসনসংখ্যা ১ হাজার ২১২। এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৩৫ হাজার ৬৮ জন। এর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৪৩ জন।

অন্যদিকে, ১৯ আগস্ট ব্যবসায় অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে মোট ছয়টি বিভাগ রয়েছে। এতে আসন আছে ৪৪১টি। এ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৯ হাজার ২২৩ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন। ২০ আগস্ট এ দুই ইউনিটের ফল প্রকাশ করা হলে সোমবার এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে ফলাফলে ত্রুটি ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।