চুয়েট–কুয়েট–রুয়েটে দ্বিতীয় মেধাতালিকায় পূরণ হয়নি আসন, ডাকা হয়েছে ভর্তি–ইচ্ছুকদের

প্রকৌশল গুচ্ছভুক্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১-এ এখনো আসন শূন্য আছে। এসব আসনে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুদের ডাকা হয়েছে। ২৭ আগস্ট সাক্ষাৎকার নেওয়া হবে ভর্তি–ইচ্ছুকদের।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ জুন অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধাতালিকা হতে ১৪ আগস্ট পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারী শূন্য আসনসংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://admissionckruet.ac.bd/ এ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ভর্তির পর আসন খালি থাকায় নির্ধারিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের ২৭ আগস্ট ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

‘ক’ গ্রুপের ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগগুলোর জন্য মেধাক্রম ৫৫০১-৫৯০০ এবং ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের মেধাক্রম ৩২১ থেকে ৩৮০ পর্যন্ত ডাকা হয়েছে।

ভর্তির কার্যক্রম চুয়েট, কুয়েট এবং রুয়েট কেন্দ্রগুলোয় একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী যে কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে উক্ত কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। নিরীক্ষা কমিটি শিক্ষার্থীদের সনদপত্র যাচাইপূর্বক জমাদানের পর স্বাস্থ্য পরীক্ষা করবে।