ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে জানুয়ারিতে, এবারও হচ্ছে না বিভাগীয় শহরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হতে পারে। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারিখ ও সময়সীমা চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়ার।’

এ ছাড়া এবারও বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া বিষয়ক একটি উপকমিটির একজন সদস্য বলেন, ‘চারটি উপকমিটির রিপোর্ট ইতিবাচক আসেনি। এখানে খরচ একটি বড় সমস্যা। এ ছাড়া বিভিন্ন বিশ্বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সামঞ্জস্য রাখাও কঠিন হয়ে গিয়েছিল। ফলে এবার বিভাগীয় ভর্তি পরীক্ষা হবে না বলেই মনে হয়।’

এর আগে গত ৮ জুলাই জাবি প্রশাসন পৃথক চারটি উপকমিটি গঠন করে। চার বিশ্ববিদ্যালয়ের উপকমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে তথ্য এরই মধ্যে। ভর্তি পরীক্ষা কোথায় এবং কীভাবে হবে, তা চূড়ান্ত হবে ২৮ অক্টোবরের বৈঠকে।