
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফলাফলের ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যশোর বোর্ডের শিক্ষার্থীদের মাধ্যমিকের জিপিএর শেষ ডিজিট (শেষ সংখ্যা) যোগ করা হয়নি। অর্থাৎ মাধ্যমিকে (এসএসসি) যাঁরা জিপিএ–৪ দশমিক ৪২ পেয়েছিলেন তাঁদের জিপিএ–৪ দশমিক ৪, যাঁরা ৪ দশমিক ৭৮ পেয়েছেন, তাঁদের ৪ দশমিক ৭ ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ভুলে যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে যাঁরা পাস করেছেন, তাঁদের মেধাক্রম পিছিয়ে গেছে। ত্রুটি সমাধান করা হলে পরিবর্তন হবে মেধাক্রম।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এই ভুল আইসিটি সেলের। ফলাফলের কোনো ভুল নয়। অর্থাৎ যাঁরা ফেল করেছেন, তাঁরা ফেল। যাঁরা পাস করেছেন, তাঁদের মেধাক্রমের পরিবর্তন হতে পারে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ভর্তি পরীক্ষার কোর কমিটির সভা হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানতে চাইলে আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, যশোর বোর্ডের এসএসসির তথ্য সার্ভারে ভুল ওঠানো হয়েছে। তাই এমনটা হয়েছে। এখনো সাবজেক্ট চয়েস শুরু হয়নি। তাই ঠিক করার সুযোগ রয়েছে। পরীক্ষার্থীদের ওপর এর খুব একটা প্রভাব পড়বে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসাব করা হয়। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হয়। এ ক্ষেত্রে এসএসসি থেকে প্রাপ্ত জিপিএ–১ দশমিক ৬ দিয়ে গুণ ও এইচএসসি থেকে প্রাপ্ত জিপিএ–২ দশমিক ৪ দিয়ে গুণ করা হয়।
যশোর বোর্ড থেকে এবার ‘এ’ ইউনিট থেকে মেধাতালিকায় নাম এসেছে ২২১ জন শিক্ষার্থীর। আর ‘সি’ ইউনিট থেকে নাম এসেছে ৫১ জনের। ফলাফলের ত্রুটি সমাধান হলে এ তালিকায় নাম আসা সব শিক্ষার্থীর (২৭২) মেধাক্রম পরিবর্তন হবে।
মোহাম্মদ খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ সমস্যা আজ থেকে তিন মাস আগেই হয়েছে। কারও নজরে আসেনি। আর এ তথ্য তিন মাস আগে থেকেই শিক্ষার্থীদের প্রোফাইলে দেখানো হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের কেউ অভিযোগ করেননি। তাঁরা অভিযোগ করলেও কর্তৃপক্ষের নজরে আসত।
খাইরুল ইসলাম আরও বলেন, টেলিটক থেকে সাধারণত এক্সইউএল (XUL) পদ্ধতিতে শিক্ষার্থীদের তথ্য পাঠানো হয়। এ পদ্ধতিতে তথ্য পাঠানো হলে তাঁরা সরাসরি সার্ভারে দিতে পারেন। কিন্তু যশোর বোর্ডের তথ্য পাঠানো হয়েছে ডিবিএস (DBS) পদ্ধতিতে। এ পদ্ধতিতে তথ্য পাঠানো হলে তিন ধাপে কনভার্ট করে পরে সার্ভারে দিতে হয়। কনভার্টের সময় কোনো এক জায়গায় ভুল হয়েছে।
১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিট চারটি অনুষদ দিয়ে সাজানো হয়েছে। বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ—এ চার অনুষদে বিভাগ রয়েছে ২০টি। আসনসংখ্যা ১ হাজার ২১২।
অন্যদিকে, গত শুক্রবার ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট ছয়টি বিভাগ রয়েছে। এতে আসন আছে ৪৪১টি। গত শনিবার দুপুরে ‘সি’ এবং বিকেলে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। এরপর যশোর বোর্ডের এক শিক্ষার্থীর অভিযোগে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।