ব্যবসায়িক জগতে নেতৃত্ব বিকাশ, করপোরেট দক্ষতা অর্জন এবং পেশাজীবীদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ পরিচালিত প্রোগ্রামটি মূলত কর্মজীবী পেশাজীবী, ভবিষ্যৎ ম্যানেজার এবং উদীয়মান তরুণদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে সাজানো হয়েছে।
সময়সীমা
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটের (www.cou.ac.bd) মাধ্যমে আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামটি সর্বমোট ২০ মাস মেয়াদি এবং এতে মোট ৫৪ ক্রেডিট আওয়ার অন্তর্ভুক্ত রয়েছে। কর্মজীবীদের দৈনিক পেশাগত ব্যস্ততা ও সুবিধার কথা মাথায় রেখে ক্লাসগুলোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। সম্পূর্ণ প্রোগ্রামটি সম্পন্ন করতে খরচ হবে সর্বনিম্ন ৮৭ হাজার ৮০০ থেকে সর্বোচ্চ ১ লাখ ৩১ হাজার টাকা পর্যন্ত।
ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে অনুষদে রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত আধুনিক ক্লাসরুম এবং প্রয়োজনীয় বইসমৃদ্ধ আধুনিক সেমিনার লাইব্রেরি। ইন্ডাস্ট্রি-বান্ধব ও ব্যবহারিক জ্ঞাননির্ভর কারিকুলাম দ্বারা সাজানো এ প্রোগ্রামে ক্লাস পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। একাডেমিক ও প্রফেশনাল নেটওয়ার্কিং জোরদার করার পাশাপাশি উচ্চতর ডিগ্রির মাধ্যমে বৈশ্বিক করপোরেট বাজারের উপযোগী হিসেবে গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যোগাযোগ
কুমিল্লা লালমাই পাহাড়–সংলগ্ন মনোরম কোটবাড়ীর ক্যাম্পাসে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নির্ধারিত মুঠোফোন নম্বর ০১৭৭২৭২২৫৬৮ থেকে তথ্য জানতে পারবেন।