তিন শিক্ষার্থীর মাইগ্রেশনে বাধা কাটল

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তিতে মাইগ্রেশন কার্যক্রম বন্ধ কেন বেআইনি নয়

হাইকোর্ট
ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ ভিত্তিতে ভর্তিপ্রক্রিয়ায় মাইগ্রেশন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। প্রাথমিক ভর্তির নীতিমালা ও বিজ্ঞপ্তি (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়) অনুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রকাশিত মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের প্রথম বর্ষে (২০২১-২২) ভর্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। শিক্ষাসচিব, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ ২৩ বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গুচ্ছ ভিত্তিতে ভর্তিপ্রক্রিয়ায় ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে মাইগ্রেশন কার্যক্রম বন্ধসংক্রান্ত ১৯ ও ২৪ ডিসেম্বরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে তিন শিক্ষার্থী গতকাল সোমবার রিটটি করেন। তাঁরা হলেন রুবেল মিয়া, সাকিব আহমেদ ও আলভী। তাঁদের ক্ষেত্রে মাইগ্রেশন কার্যক্রম বন্ধসংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। তাঁকে সহযোগিতা করেন কাজী জাওয়াদ বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ শুনানিতে অংশ নেন।

পরে আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, মাইগ্রেশন কার্যক্রম হঠাৎ বন্ধ করে দেওয়ায় রিট আবেদনকারীদের একজন মেধাতালিকায় ওপরের দিকে থাকা সত্ত্বেও পছন্দসই বিশ্ববিদ্যালয় ও বিভাগে ভর্তি হতে পারছেন না। মেধাতালিকার নিচে থাকা শিক্ষার্থী সেখানে ভর্তির সুযোগ পাচ্ছেন। এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন কার্যক্রম বন্ধ করায় মেধাবীরা পছন্দসই বিশ্ববিদ্যালয় ও বিভাগে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। রুল দিয়ে হাইকোর্ট ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে মাইগ্রেশন কার্যক্রম বন্ধসংক্রান্ত ১৯ ও ২৪ ডিসেম্বরের সিদ্ধান্ত রিট আবেদনকারীদের ক্ষেত্রে স্থগিত করেছেন। ফলে তাঁদের ক্ষেত্রে মাইগ্রেশন কার্যক্রমে আইনগত বাধা নেই।