
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বি ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর পৌর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় দুই হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যসেবা–সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করেন এবং ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী, শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ডে তাঁরা এভাবেই পাশে থাকবেন।
সারা দেশে গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হয়।
গত ৩০ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্রে (শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে মোট ৩ হাজার ৩২২ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।