পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন, নটর ডেম কলেজে পুনর্ভর্তি পরীক্ষা আজ

নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত শনিবার (২৬ আগস্ট)। এসএসসির ফল পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হয়েছে, তাদের সুযোগ দিতে আবারও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম এই কলেজ। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) পুনরায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজটি।

পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়েছে—এমন শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে। আজ বুধবার (৩০ আগস্ট) ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী যেসব আবেদনকারী ইতিমধ্যে কলেজে এসে সরাসরি অফিসে যোগাযোগ করেছে, তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা আজ বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।

এর আগে ২৩ আগস্ট লিখিত পরীক্ষা ও ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে নটর ডেম কলেজ।

আসনসংখ্যা

বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।