মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটি গত ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে দুটি ক্যাটাগরি থাকবে। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ‘খ’ ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
নিবন্ধন শুরু ৩ অক্টোবর
আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। প্রতিযোগিতার জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। নিবন্ধনের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। স্মার্টফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন ফরম পূরণ করা যাবে। নিবন্ধিত শিক্ষার্থীদের ভেন্যু ও সময়সূচিসংক্রান্ত বিস্তারিত তথ্য ২৫ অক্টোবরের পর ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৯ অঞ্চলে প্রতিযোগিতা
দেশের ৯টি অঞ্চলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা।
প্রতিযোগিতার ভেন্যু ও সময়সূচি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে ২৫ অক্টোবরের পর প্রকাশ করা হবে। প্রতিযোগিতা ৩১ অক্টোবর শুরু হবে।