লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় প্রায় ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া দেওয়া হবে। শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য মাধ্যমিক পর্যায়ের চার বিষয়ের শিক্ষকেরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে। যোগ্য ও আগ্রহী শিক্ষকদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিতকরণের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল প্রস্তুত করা হবে। নীতিমালা অনুযায়ী পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে একটি মান্টার ট্রেইনার পুল প্রস্তুত করা হবে।
মাস্টার ট্রেইনার হিসেবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/কর্তৃপক্ষ কর্তৃক অগ্রায়ণপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে মাস্টার ট্রেইনার ট্রেনিং গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি প্রদান করা হবে এই মর্মে উল্লেখ থাকতে হবে। প্রমাণক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র/অফিস আদেশ (যেমন, প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র ইত্যাদি) দাখিল করতে হবে। আবেদনকারীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত লিংকে আবেদন করতে হবে। আবেদনের লিংক ।
আবেদনপ্রক্রিয়ায় যেকোনো প্রকার কারিগরি সহায়তার জন্য মোবাইল নম্বর (০১৩৪৬১৫০৭৯০) অথবা ই–মেইলে (support@laiseproject.com) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।