শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নার্সারিতে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর

ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ সরকারি নীতিমালা অনুযায়ী আগামী ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শূন্য আসনে প্রভাতি ও দিবা শাখায় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের নিচের নির্দেশনা অনুসরণ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যে শ্রেণিতে ভর্তি করা হবে

প্রভাতি শাখা

১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম।

২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।

দিবা শাখা

১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম।

২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।

শিক্ষার্থীর বয়সসীমা

১ জানুয়ারি ২০২৭ তারিখে ৪ বছরের ঊর্ধ্বে এবং ৫ বছরের নিচে (জন্মতারিখ ১ জানুয়ারি ২০২২ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ)–এর মধ্যে থাকতে হবে।

ক্যাটাগরি

ক. সামরিক বাহিনী সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত) এবং প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত (কর্মরত কর্মকর্তা ও কর্মচারী)।

খ. বেসামরিক ও অন্য ব্যক্তিবর্গের সন্তান।

অনলাইনে আবেদন ও প্রবেশপত্র

১. অনলাইনে আবেদন ওয়েবসাইটে Nursery Admission–এ ক্লিক করে ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত নার্সারি ভর্তির জন্য আবেদন করা যাবে।

২. আবেদন করা শিক্ষার্থীর প্রবেশপত্র সংরক্ষণ করে রাখতে হবে।

৩. প্রতিষ্ঠানের ভেতরে কোনো প্রকার ম্যানুয়াল ভর্তি ফরম বিতরণ করা হবে না।

আবেদনপত্রের মূল্যতালিকা

ফরমের মূল্য ৩০০ টাকা, সেবাদানকারী প্রতিষ্ঠানের চার্জ ৩০ টাকাসহ (ব্যাংক ও অনলাইন চার্জ) মোট ৩৩০ টাকা।

সাক্ষাৎকারের তারিখ

২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৬ তারিখ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর প্রবেশপত্র, জন্মনিবন্ধন সনদ, ক্যাটাগরি (সামরিক বাহিনীতে ও প্রতিরক্ষা খাত বেতনভুক্ত চাকরিরতদের ক্ষেত্রে ইউনিটের দেওয়া প্রত্যয়নপত্র এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বা খালাসি বই প্রদর্শন করে সত্যায়িত ফটোকপি)সহ সব তথ্যের সত্যতা যাচাই বাছাইয়ের লক্ষ্যে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তথ্যে কোনো গরমিল পরিলক্ষিত হলে ওই প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। সাক্ষাৎকারের সময় মা–বাবা শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত থাকবেন। অসম্পূর্ণ আবেদনগুলো লটারির জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচিত হবে। একজন শিক্ষার্থী প্রভাতি ও দিবা উভয় শিফটে আবেদন করতে পারবে। উভয় শিফটে আবেদন করা শিক্ষার্থীদের একবারই সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময়সূচি এসএমএসের মাধ্যমে এবং কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

লটারির তারিখ ও সময়সূচি

৮, ৯ ও ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ অনলাইনে অনুষ্ঠিত হবে। লটারির প্রক্রিয়া ও সময় পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তির তারিখ ও সময়সূচি

প্রভাতি (বাংলা ও ইংরেজি মাধ্যম): ১৩ ডিসেম্বর ২০২৬ ও দিবা (বাংলা ও ইংরেজি মাধ্যম): ১৪ ডিসেম্বর ২০২৬।

সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.sagc.edu.bd