ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য নামে নতুন একটি বিভাগ চালু করেছে। সম্প্রতি যাত্রা শুরু করা বিভাগটিতে বাংলা ভাষায় দক্ষতা, সৃজনশীল চিন্তানির্ভর একটি পেশাগত পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। ইউল্যাবের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
উচ্চ শিক্ষায় বাংলা বিভাগ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা কিংবা বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর আছে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় ৩০ বছর। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ কেন হয় না তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ।
যুগের সঙ্গে তাল মেলাতে গেলে পৃথিবীতে সব ভাষাই শক্তিশালী। যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করে ক্যারিয়ার গড়া যায়। সেসব মাথায় রেখে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সম্প্রতি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ চালু করেছে।
এ বিভাগে পড়ার মধ্য দিয়ে দেশি ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণার পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহারিক বিষয়ে শিক্ষার্থীরা গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। বিষয়টি ১৪১ ক্রেডিটে তৈরি করা হয়েছে।
এ বিভাগের শিক্ষার্থীরা যে শুধু বাংলা বিষয়েই জ্ঞান অর্জন করবেন, তা নয়। বাংলা পড়ার পাশাপাশি যেকোনো শিক্ষার্থী ইংরেজি, সাংবাদিকতা, প্রকৌশলবিদ্যা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ার সুযোগ পাবেন। যার মাধ্যমে অন্য আরেকটি বিষয়েও নিজেকে দক্ষ করে ক্যারিয়ারে আরও সামনে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে।
ইউল্যাবে নতুন চালু হওয়া বাংলা বিভাগে অন্যান্য বিভাগের চেয়ে সেমিস্টার ফি কম থাকছে। চার বছরের স্নাতক (সম্মান) সম্পন্ন করতে প্রয়োজন হবে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।