স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সনদ পেল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামত অনুযায়ী স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সনদ পেয়েছে ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। উত্তরার ১৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ ও অ্যাভিনিউ ৬-এর প্লট ৫-৮—এই ঠিকানায় স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা মোতাবেক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে এ সনদ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে গবেষণা খাতে বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ যাত্রা শুরু করেছিল ২০০৩ সালে। ক্যাম্পাস পরিচালনার স্থায়ী সনদ পেয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চতর গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা নিশ্চিত করে গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ বাড়াতে যথাযথ উদ্যোগ নিচ্ছেন তাঁরা।