
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এ কে এম মঞ্জুর মোর্শেদ। দুজনই মুক্তিযুদ্ধের সপক্ষের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
গত সোমবার সমিতির বিভিন্ন পদে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক রাকিব আহসান।
সভাপতি পদে জয়ী অধ্যাপক মো. মিজানুর রহমান পেয়েছেন ২৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী পেয়েছেন ১৩০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী এ কে এম মঞ্জুর মোর্শেদ পেয়েছেন ২৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ টি এম হাসান জোবায়ের পেয়েছেন ১৩২ ভোট।
সহসভাপতি পদে ২১০ ভোট পেয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মাদী, কোষাধ্যক্ষ পদে ২০২ ভোট পেয়ে পুরকৌশল বিভাগের রুপক মুৎসুদ্দী, যুগ্ম সম্পাদক পদে ২১৬ ভোট পেয়ে কেমিকৌশল বিভাগের ইফতেখার আহমদ খান এবং আপ্যায়ন সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন কম্পিউটার কৌশল বিভাগের মো. রায়হান রাশেদ।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষক নায়না তাবাচ্ছুম।
এ ছাড়া ছয়টি সদস্য পদে জয় পেয়েছেন যথাক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর আহমেদ, কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক রিফাত শাহরিয়ার, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরীন আক্তার, অধ্যাপক সালমা পারভিন, আই পি ই বিভাগের অধ্যাপক ফেরদৌস সারোয়ার এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ফরিদা নিলুফার।