
শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিনিয়োগ–সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) ‘পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য মো. জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মুজাক্কিরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান, ফ্যাকাল্টি নিপা সাহা ও মো. সাদ্দাম হোসাইন খান।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো, বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক সচেতনতা ও তরুণ প্রজন্মের জন্য দায়িত্বশীল বিনিয়োগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালার একটি বিশেষ সেশনে বিএএসএমের ফ্যাকাল্টি মো. সাদ্দাম হোসাইন খান পুঁজিবাজারের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। তিনি ইনিশিয়াল পাবলিক অফারিং ও লিস্টিং প্রক্রিয়ার ধাপগুলো তুলে ধরেন। এ ছাড়া বিনিয়োগের আগে তথ্য বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি আর্থিক ও বিনিয়োগ–সংক্রান্ত জ্ঞান শিক্ষার্থীদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কর্মশালায় আলোচিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার জিতে নেন।