জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’–এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার বিভিন্ন কলেজের ১ হাজার ৪৭২ জন ক্রীড়াবিদ ও খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে জেলার সেরা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৮ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঢাকা বিভাগের এই পর্ব শেষ হবে। এ পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ এস এম আমানুল্লাহ বলেন, শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আনন্দময় ও মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যেই অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্রীড়াচর্চার জোয়ার সৃষ্টি করা সম্ভব হলে এর ইতিবাচক প্রভাব পড়বে সারা দেশের শিক্ষাঙ্গনে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ঢাকা বিভাগের বিভিন্ন কলেজ থেকে আসা যেসব শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের অনেকেই ভবিষ্যতে নানাভাবে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসানসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।