
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের আয়োজনে বাংলাদেশের উত্তরা লেজেন্ডার ট্রান্সফরমেটিভ ডিজাস্টার কারিকুলামের প্রয়োজনীয়তার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২–এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালাটির মধ্য দিয়ে শেষ হলো দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার আয়োজিত ৪ দিনব্যাপী এ কর্মশালা। এতে সার্বিক সহযোগিতা করে জেন্ডারবিষয়ক আন্তর্জান্তিক সংস্থা জেন্ডার রেসপন্সিভ রেজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্র্যাকটিস (জিআরআরআইপিপি)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য সরিফা সালোয়া ডিনা ও কোষাধ্যক্ষ মজিব উদ্দিন আহমদ।
গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ও জীব ও ভূবিদ্যা অনুষদের আটটি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা শুরু হয়। পরে ২১ জুলাই রংপুরের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ও জীব ও ভূবিদ্যা অনুষদের আট বিভাগের সম্মানিত শিক্ষকেরা কর্মশালায় অংশ নেন।
৪ দিনব্যাপী এ কর্মশালার সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। কর্মশালাটির সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা, দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের সহকারী পরিচালক মো. মাসুদার রহমান।
সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, কর্মশালার মাধ্যমে দুর্যোগ ও জেন্ডারের ওপর একটি যুগোপযোগী কারিকুলাম তৈরি হয়েছে, যা ভবিষ্যতে দুর্যোগ ও জেন্ডারের ওপর ছয় মাসের সার্টিফিকেট কোর্স চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।