যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিসটেন্স লার্নিং এলএলবি কোর্স চালু ভূঁইয়া একাডেমির

বাংলাদেশে প্রথমবারের মতো সার্পোটেড ডিসটেন্স লার্নিং শিক্ষা কার্যক্রম চালু করছে বেসরকারি আইনি শিক্ষাপ্রতিষ্ঠান ভূঁইয়া একাডেমি। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এলএলবি (অনার্স) সার্পোটেড ডিসটেন্স লার্নিং শিক্ষা কার্যক্রম শুরু করছে।

গত বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা সমঝোতাবিষয়ক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, ভূঁইয়া একাডেমির অধ্যক্ষ রাবিয়া ভূঁইয়া, হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিন বারবারা হেনরি এবং ইন্টারন্যাশনাল ডিরেক্টর সায়াজ মিয়া প্রমুখ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বর্তমানে অনেক বিচারপতিসহ ব্যারিস্টার আছেন, যাঁরা ভূঁইয়া একাডেমি থেকে এসেছেন। ভূঁইয়া একাডেমিই প্রথম বাংলাদেশে ব্রিটিশ পাঠ্যক্রম ও প্রেক্ষাপটে আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেয়। আশা করি, এই ডিসটেন্স লার্নিং প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।’

ভূঁইয়া একাডেমি বাংলাদেশে হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের একক অংশীদার হিসেবে কাজ করবে। এই এলএলবি (অনার্স) সার্পোটেড ডিসটেন্স লার্নিং কার্যক্রম সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্ম উভয় মাধ্যমকে একত্র করে শিক্ষার্থীদের বিশ্বমানের আইনি শিক্ষা প্রদান করবে।

হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ৫৫০টিরও বেশি কোর্স নিয়ে ৭০ বছর ধরে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে ভূঁইয়া একাডেমি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বেসরকারি আইনি শিক্ষাপ্রতিষ্ঠান, যা দূরশিক্ষণ আইন প্রোগ্রামের জন্য পরিচিত। দূরশিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে ভূঁইয়া একাডেমি এবং ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার বাংলাদেশে আইনি শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।