এআই অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ীদের স্কলারশিপ দেবে ইউসিএসআই ইউনিভার্সিটি

ইউসিএসআই ইউনিভার্সিটির হলরুমে সনদ ও উপহার হাতে এআই অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী দল
ছবি: বিজ্ঞপ্তি

এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (এপিওএআই) স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। শনিবার ইউনিভার্সিটির হলরুমে বিজয়ী শিক্ষার্থীদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে ৮ সদস্যস্যের দলকে সম্মাননা সনদ ও বিশেষ উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রভোস্ট সুমন সুবহান, বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন জোহা রহমান।

বাংলাদেশের ৮ সদস্যের শিক্ষার্থী দলের মধ্যে এপিওএআই–এর স্বর্ণপদক পেয়েছে লাবিব শাহরিয়ার, সাইদুজ্জামান আরাফ ও ত্রিদিব রায়। ইউসিএসআই ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের প্রশংসা সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে স্বর্ণপদক বিজয়ী তিন শিক্ষার্থী তাদের বিজয়ের গল্প শোনায়।

প্রভোস্ট সুমন সুবহান বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সব ধরনের সহযোগিতা করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিজয়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষার জন্য ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ভর্তি হতে চাইলে ১০০% স্কলারশিপ দেওয়া হবে।

সিঙ্গাপুর, জাপান, চীন, মালয়েশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৮টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৩টি স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশের শিক্ষার্থীরা।