বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬–এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জায়ান্ট গ্রুপ ও এডুকেশন হাবের সহযোগিতা ও বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয় ৯ জুলাই। ৭ জুলাই এই উৎসবের উদ্বোধন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক আইয়ুব নবী খান। চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ ও অভিনেতা মীর সাব্বির ও অন্য চলচ্চিত্র পরিচালকেরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. ওয়ালিউল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’–সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসব চলাকালে শিক্ষার্থীদের তৈরি ২৮টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয় এবং একটি জুরিবোর্ডের মাধ্যমে সেরা চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়।