এআইইউবিতে দিনব্যাপী চাকরি মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার
এআইইউবিতে দিনব্যাপী চাকরি মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গত শনিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। চাকরি মেলা ২০২৪-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এবারের চাকরি মেলায় দেশের ১১৮টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করেন।

ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিকস, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান চাকরি মেলায়  অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবদুল মোনেম লিমিটেড, বিকাশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নাভানা, পাঠাও লিমিটেড, ক্রাউন সিমেন্ট, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এপেক্স, জিপিএইচ ইস্পাত লিমিটেড, লে মেরিডিয়ান ঢাকা, হোটেল রেনেসাঁ ঢাকা, আরএফএল গ্রুপ, রবি আজিয়াটা, ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ আরও অনেক প্রতিষ্ঠান। এ ছাড়া এআইইউবির অ্যালামনাই সদস্যরা তাঁদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে অংশগ্রহণ করেন।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার চাকরি মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় চাকরি মেলায় উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জিটা লামাগনা, সহ–উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান, অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক রুমি তারেক মওদুদ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা চাকরি মেলায় অংশ নেন। বিজ্ঞপ্তি