ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স

আধুনিক ও গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থায় অগ্রগামী প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর অনুমোদন পায়
ছবি: সংগৃহীত

‘আমরা পেশাদার তৈরি করি’—স্লোগানে ২০১৫ সালে যাত্রা শুরু করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স। জাতিকে বিশ্বমানের গবেষক এবং নেতৃস্থানীয় পেশাদার উপহার দেওয়ার লক্ষ্যে দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য গবেষণাধর্মী ও আধুনিক বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় ‘ইউনিভার্সিটি অব স্কলার্স’।

বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে রয়েছে পাঁচটি বিভাগ—ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসায় প্রশাসন। এ ছাড়া আছে ব্যবসায় প্রশাসন বিভাগে স্নাতকোত্তর করার সুযোগ।

বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক এবং ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান এইচ এম আতিফ ওয়াফিক বলেন, ‘আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক। জানার জন্য শেখাই, শেখানোর জন্য জানি—এই আদর্শ অনুসরণ করি আমরা।’

আমেরিকার শিক্ষা কারিকুলাম অনুযায়ী, বাই-সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইউনিভার্সিটি অব স্কলার্স। অত্যাধুনিক শিখন-শেখানো প্রক্রিয়ার ওপর জোর দিতে ব্যবহার করা হয় উন্নতমানের প্রযুক্তি। প্রশাসনিক কার্যক্রম, ডকুমেন্টেশন, ট্র্যাকিং, রিপোর্টিং, অটোমেশন, শিক্ষামূলক কোর্স এবং প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার জন্য ই-লার্নিং সফটওয়্যার ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ বা এলএমসি ব্যবহৃত হয় বিশ্ববিদ্যালয়টিতে।

ইউনিভার্সিটি অব স্কলার্সের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফুল হক বলেন, ‘কর্মদক্ষ সুশিক্ষিত মানুষ তৈরির মাধ্যমে বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার কোনো বিকল্প নেই। সেই উদ্দেশ্যেই কাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়। আমাদের রয়েছে দেশ-বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জনকারী এবং পেশাদার প্রশিক্ষণে পারদর্শী একদল অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার। যাঁরা শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করছেন, যাতে তাঁরা যেকোনো চ্যালেঞ্জ নিতে এবং বিশ্বকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে প্রস্তুত।’

শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অভ্যস্ত করতে বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে নানা সুযোগ-সুবিধা। রয়েছে বিলিয়ার্ড, এয়ার হকি, টেবিল টেনিস খেলার ব্যবস্থা। আছে শরীরচর্চার জন্য সমৃদ্ধ জিম, যেখানে ছাত্রছাত্রীদের জন্য নির্ধারণ করা আছে আলাদা সময়। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক কার্যক্রম উপভোগ করার জন্য রয়েছে সুপরিসর অডিটরিয়াম।

শিক্ষক-শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে এবং পরিচালনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রায় সব বিভাগেরই আছে এক বা একাধিক ক্লাব। যেমন ফটোগ্রাফি ক্লাব, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স ডিবেট ক্লাব (আইইউএসডিসি), স্কলার্স কমিউনিকেশন ক্লাব, স্কলার্স পাবলিক স্পিকিং ক্লাব, স্পোর্টস ক্লাব, ইলেকট্রনিক ক্লাব এবং সোশ্যাল সার্ভিস ক্লাব।

এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নামও। ক্রিকেটার শাহরিয়ার নাফিস প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক। মোহাম্মদ আশরাফুল ও নাইম ইসলাম ছাড়া নারী ক্রিকেটার জাহানারা আলম ইউনিভার্সিটি অব স্কলার্সে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর অনুমোদন পায়।