অ্যাডাম স্মিথ বিজনেস স্কুল ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন আলতাফ রাসেল

বাংলাদেশি পিএইচডি গবেষক আলতাফ রাসেল যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোর অ্যাডাম স্মিথ বিজনেস স্কুল থেকে ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন। ১৮ জুন অনুষ্ঠিত ‘কলিগ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ নামের এক আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়।

অর্থনীতি বিষয়ে পাঠদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারটি বিশেষত শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান, উদ্ভাবনী শিক্ষণপদ্ধতির প্রয়োগ এবং শিক্ষাদানের ধারাবাহিক উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারকে স্বীকৃতি দেয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে চালু হওয়া এই টিচিং অ্যাওয়ার্ডের মাধ্যমে এমন শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়, যাঁরা আকর্ষণীয় শ্রেণিকক্ষ পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রতিযোগীদের পাঠ পরিকল্পনা, শ্রেণিকক্ষের কার্যকারিতা, সহকর্মীদের পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের শেখার ওপর তাঁদের প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এ অর্জন সম্পর্কে আলতাফ রাসেল বলেন, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি তিনি কৃতজ্ঞ। এই পুরস্কার মূলত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষাদান পদ্ধতির ধারাবাহিক উন্নয়নে একটি সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।