রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স মিলনায়তনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ৪৫তম ব্যাচের জমকালো গ্র্যাজুয়েশন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে গত শনিবার, ৩ অক্টোবর ২০২৬।
‘True Reflection: Our Journey’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফ্যাশন শোতে ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা সমকালীন ফ্যাশনের বৈচিত্র্যময় পোশাক ও নকশা উপস্থাপনের মাধ্যমে আকর্ষণীয় রানওয়ে প্রেজেন্টেশন পরিবেশন করেন। চার বছরের একাডেমিক শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা তাঁদের চূড়ান্ত ডিজাইন, ফ্যাশন কালেকশন ও পোর্টফোলিও প্রদর্শন করেন। এর মধ্য দিয়ে একাডেমিক শিক্ষাজীবন থেকে পেশাগত ও সৃজনশীল চর্চায় উত্তরণের একটি চিত্রও তুলে ধরা হয়।
এই আয়োজন ডিজাইন শিক্ষার অগ্রগতি, শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ পেশাজীবীদের অনুপ্রাণিত করার অঙ্গীকারকে প্রতিফলিত করে। আয়োজকদের প্রত্যাশা, নতুন প্রজন্মের এসব ফ্যাশন পেশাজীবী বাংলাদেশের ফ্যাশন ও পোশাকশিল্পের ধারাবাহিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ–BGMEA)-এর সভাপতি মাহমুদ হাসান খান। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, এফডিটি বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা হক ডেইজি এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারহানা করিম।