নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নতুন চালু হওয়া প্রোগ্রাম নৃবিজ্ঞানে ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস)’–এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নতুন চালু হওয়া প্রোগ্রাম নৃবিজ্ঞানে ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস)’–এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে

এনএসইউয়ে নতুন প্রোগ্রাম নৃবিজ্ঞানের নবীনবরণ অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (পিএসএস) বিভাগে নতুন চালু হওয়া প্রোগ্রাম নৃবিজ্ঞানে ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস)’–এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো নৃবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক আবদুল বাতেন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একেবারে নতুন এক একাডেমিক যাত্রার অংশ হতে যাচ্ছ। নৃবিজ্ঞান এমন একটি বিষয়, যেখানে মানুষ, সংস্কৃতি, সমাজ ও মানবজীবনের নানা দিককে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জানার সুযোগ রয়েছে। নতুন এই যাত্রাকে কৌতূহল ও উৎসাহ নিয়ে গ্রহণ করার আহ্বান জানাই।’

পিএসএস বিভাগের চেয়ারম্যান রিজওয়ান খায়ের বলেন, ‘নৃবিজ্ঞান এমন একটি আকর্ষণীয় বিষয়, যা মানুষের সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বুঝতে সহায়তা করে। এ বিষয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদের পৃথিবী ও এর জটিল বাস্তবতাকে বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিতে দেখা শিখতে হবে।’

এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক বলেন, আন্তর্জাতিক মান ও চর্চা অনুসরণ করে এই কারিকুলাম তৈরি করা হয়েছে।

পিএসএস বিভাগের অধ্যাপক ও এনএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী শিক্ষার্থীদের সঙ্গে নৃবিজ্ঞান প্রোগ্রাম পরিচয় করিয়ে দেন।

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, ‘আমি বিশ্বাস করি, নৃবিজ্ঞান প্রোগ্রামটি খুব শিগগির দেশের অন্যতম প্রাণবন্ত ও সম্ভাবনাময় প্রোগ্রামে পরিণত হবে।’

এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরাই এই প্রোগ্রামের প্রথম ব্যাচ ও পথপ্রদর্শক। আজ থেকে তোমরা এনএসইউ পরিবারের অংশ এবং বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ–সুবিধা তোমাদের জন্য উন্মুক্ত।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ। সফল আয়োজনের জন্য তিনি অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের কৃতজ্ঞতা জানান।