আন্তর্জাতিক সম্মেলন ‘গেট এনগেজড’ বাংলাদেশে এবারই প্রথম অনুষ্ঠিত হলো
আন্তর্জাতিক সম্মেলন ‘গেট এনগেজড’ বাংলাদেশে এবারই প্রথম অনুষ্ঠিত হলো

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্যোগ ও তরুণ নেতৃত্ব নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘গেট এনগেজড’ সম্মেলনের ১৩তম আসর। গত বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আয়োজিত সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ৪৩ জন কো-অর্ডিনেটর অংশ নেন।

বাংলাদেশে এবারই প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হলো। গত বছর লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ইউরোপিয়ান হিউম্যানিটিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশন এবং বার্ড কলেজের সেন্টার ফর সিভিক এনগেজমেন্ট যৌথভাবে ‘জিএইচইএ২১ গেট এনগেজড কনফারেন্স ২০২৬: স্টুডেন্ট অ্যাকশন অ্যান্ড ইয়ুথ লিডারশিপ’ আয়োজন করে।

সম্মেলনে বিভিন্ন দেশের তরুণ নেতা, সিভিক এনগেজমেন্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ, শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন। তাঁরা নিজেদের কমিউনিটিভিত্তিক উদ্যোগগুলো সবার সামনে তুলে ধরেন এবং এগুলো নিয়ে আলোচনা করেন। এই কনফারেন্সের বিভিন্ন আয়োজনে লিডারশিপ, কমিউনিকেশন্স, নেটওয়ার্কিং এবং টেকসই সিভিক এনগেজমেন্ট দক্ষতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জিএইচইএ২১ বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। এর লক্ষ্য হলো লিবারেল আর্টস ও বিজ্ঞান শিক্ষার সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীরা যাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় করতে পারেন, সেভাবে তাদের প্রস্তুত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানান ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ। তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ব যেসব জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবিলা করতে হলে আমাদের দরকার গ্লোবাল সিটিজেন। যাদের সরাসরি সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিকতা আছে।’

তামারা হাসান আবেদ বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটিতে সমাজের জন্য কাজ করার ধারণাটা পাঠক্রমের বাইরের কোনো বিষয় নয়, এটা আমাদের কারিকুলামের একটা অংশ। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এভাবেই গড়ে উঠুক। তারা এখানে শেখে যে লিডারশিপ কোনো পদবি নয়। এটি হলো একটি চর্চার বিষয়। মানুষের পাশে থাকা, তাদের কথা শোনাই হলো লিডারশিপ।’

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘কেবল প্রযুক্তি ও বিদ্যমান তথ্যের ওপর নির্ভর করে অর্থবহ উদ্ভাবন সম্ভব নয়। শিক্ষাব্যবস্থার প্রচলিত কাঠামোর মধ্যে শুধু বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক উদ্ভাবনে গুরুত্ব দিলে হবে না। এর সঙ্গে সমাজ, লিবারেল আর্টস এবং মানবিক প্রযুক্তির বিষয়গুলোও যুক্ত করতে হবে।’

বার্ড কলেজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও একাডেমিক অ্যাফেয়ার্স–বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোনাথন অ্যাডাম বেকার উচ্চশিক্ষায় সিভিক এনগেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন। তিনি বার্ড কলেজের সেন্টার ফর সিভিক এনগেজমেন্টের পরিচালক এবং জিএইচইএ২১-এর ভাইস চ্যান্সেলর।

‘গেট এনগেজড’ সম্মেলনের ১৩তম আসরে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ৪৩ জন কো-অর্ডিনেটর অংশ নেন

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বৈশ্বিক কোলাবোরেশনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সেই মডেল আমরা দেশের অন্যান্য ক্ষেত্রেও অনুসরণ করতে পারি।’

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন এবং জিএইচইএ২১-এর ফ্যাকাল্টি সদস্য প্রফেসর সামিয়া হক শিক্ষা ও সামাজিক পরিবর্তনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমৃতা মাকিন ইসলাম, অতিরিক্ত সচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক কাউন্সিলের কো-চেয়ার ড. সু এল ম্যাক্সাম এবং ব্র্যাক ইউনিভার্সিটির সিভিক এনগেজমেন্ট–বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাবিল বি আরিফ।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব জেনারেল এডুকেশনের প্রোগ্রাম ডিরেক্টর এবং জিএইচইএ২১-এর ফ্যাকাল্টি সদস্য ফাহমিদা রহমান।