২০ বিশ্ববিদ্যালয় ভর্তি

গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র আবার ডাউনলোডের সুযোগ

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে ১৭ অক্টোবর
ফাইল ছবি

করোনা সংকট ও শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে আনার জন্য গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ আবার দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার রাত ১২টার পর থেকেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে সংশ্লিষ্ট বিভাগের ভর্তি পরীক্ষার দুই ঘণ্টা আগপর্যন্ত।

তবে প্রবেশপত্রের ছবি বা অন্য কোনো তথ্য পরিবর্তনের কোনো আবেদন আর গ্রহণ করা হবে না। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত পরীক্ষাকেন্দ্র-নির্ধারণী স্কোর এবং পছন্দের তালিকা বিবেচনা করে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই।

ফাইল ছবি

আজ সোমবার সকালে ভর্তি পরীক্ষার উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান।

উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘গত শনি ও গতকাল রোববার আমরা ছবি সংশোধনের জন্য ৭৩টি আবেদন পেয়েছিলাম। এর মধ্যে গতকাল বিকেলে ৪৫টি এবং রাতের মধ্যে বাকি আবেদনগুলো সংশোধন করে দেওয়া হয়। সংশোধিত ডেটাগুলো ওয়েবসাইটে আপলোড করে দিয়ে দ্রুত আবার শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়।

উপাচার্য আরও বলেন, ওয়েবসাইটে ১৪ তারিখ থেকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার ঘোষণা দেওয়া হলেও গতকাল রাত ১২টার পর থেকেই শিক্ষার্থীরা আবার প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দুই ঘণ্টা আগপর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) পাওয়া যাবে।