প্রাইভেটে এইচএসসি পরীক্ষা, আবেদন ১০ জুনের মধ্যে

ফাইল ছবি: জগলুল পাশা

প্রাইভেটে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ১০ জুনের মধ্যে আবেদন করতে হবে। ১১ থেকে ১৬ জুন পর্যন্ত প্রাইভেট পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে।

পরীক্ষার্থীদের অনলাইন তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে ঢাকা বোর্ডে জমা দিতে হবে।
এসব তথ্য জানিয়ে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সংশোধিত নিয়মাবলি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

জানা গেছে, ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া যাবে। ২০১৬ সালে বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ পরীক্ষায় প্রাইভেটে অংশ নিতে পারবে।

জানা গেছে, প্রাইভেট পরীক্ষার্থীদের ২ থেকে ১০ জুনের মধ্যে কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। ১০০ টাকা তালিকাভুক্তি ফি দিয়ে ১১ থেকে ১৬ জুন পর্যন্ত প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। পূরণকৃত অনলাইন তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে বোর্ডে জমি দিতে হবে। মূল নম্বরপত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে বোর্ডে জমা দিতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (আইসিটি ছাড়া), সেসব বিষয়ে প্রাইভেটে পরীক্ষার্থীরা অংশ নিতে পারবেন না। প্রাইভেটে ভর্তি পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলি তুলে ধরা হয়েছে।