
বাংলা ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন
প্রবাস বন্ধু
এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র-পাহাড়
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে।
এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে-যে আমার জন্মভূমি।
প্রশ্ন
ক. অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?
খ. ‘প্রবাস বন্ধু’ প্রবন্ধে আবদুর রহমানকে ‘নরদানব’ বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের চেতনার যে দিকটি ধরা পড়েছে, তা ব্যাখ্যা কর।
ঘ. বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য—তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর
ক. অধ্যক্ষ জিরার ছিলেন ফ্রান্সের অধিবাসী।
খ. ‘প্রবাস বন্ধু’ প্রবন্ধে আবদুর রহমানের বিশাল শারীরিক গড়ন দেখে লেখক তাকে ‘নরদানব’ বলে অভিহিত করেছেন।
‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির লেখক সৈয়দ মুজতবা আলীর সাহায্যকারী আবদুর রহমান বিশাল দেহের অধিকারী, উচ্চতায় সে ৬ ফুট ৪ ইঞ্চি। যেমন সে লম্বা, চওড়ায়ও তেমনি। আবদুর রহমানের দানবীয় শারীরিক বৈশিষ্ট্য লক্ষ করেই লেখক তাকে ‘নরদানব’ উপাধি দিয়েছেন।
গ. উদ্দীপকটিতে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের দেশপ্রেমের দিকটি ধরা পড়েছে।
প্রত্যেক মানুষই তার নিজের দেশকে ভালোবাসে। ফলে সে মনে করে, তার দেশই সবার সেরা। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে বর্ণিত আবদুর রহমানের মধ্যে এমন ভাবনার প্রতিফলন লক্ষণীয়। সে মনে করে, তার দেশের প্রকৃতি ও জলবায়ু তুলনাহীন।
উদ্দীপকে দেশের বন্দনামূলক একটি কাব্যাংশ পাওয়া যায়, যেখানে বাংলার প্রকৃতির রূপ-মাধুযে৴র বর্ণনা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ফুটে উঠেছে কবির অগাধ দেশপ্রেম।
উদ্দীপকের কবির বর্ণনার মতোই ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির আবদুর রহমানের মধ্যে রয়েছে প্রগাঢ় দেশপ্রেম। তাই সে তার দেশের বরফ-শীতল আকর্ষণীয় জলবায়ুর প্রতি মুগ্ধতা লেখকের দৃষ্টিগোচর করে। এভাবেই আবদুর রহমানের দেশপ্রেম অনন্য মাত্রা পেয়েছে।
ঘ. প্রকৃতি বর্ণনায় সমদর্শী হলেও উদ্দীপকটি দেশপ্রেমের কবিতা ও ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনি হওয়ায় উভয়ের মধ্যে বৈপরীত্যও রয়েছে।
‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে সৈয়দ মুজতবা আলীর আফগানিস্তানে থাকাকালে আংশিক অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। আফগানিস্তানে লেখকের দেখাশোনার দায়িত্ব ছিল আবদুর রহমান নামক এক গৃহকর্মীর ওপর।
তার মধ্য দিয়ে দেশপ্রেম, অতিথিপরায়ণতা, সহজ-সরল জীবনযাপন ইত্যাদি চেতনা মূর্ত হয়ে উঠেছে আলোচ্য রচনায়।
উদ্দীপকের কবিতাংশে, দেশের প্রকৃতির স্তুতি করা হয়েছে। কবির মতে, নিসর্গের এমন মায়া–মমতা এমন স্নিগ্ধতা আর কোনো দেশে পাওয়া যাবে না। কবির কাছে তাই তাঁর জন্মভূমি সব দেশের চেয়ে সেরা। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির আবদুর রহমানের মধ্যে এ চেতনার প্রতিফলন দেখা যায়, কিন্তু এটি রচনার একমাত্র দিক নয়।
উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির মধ্যে অনেক বিষয়গত পার্থক্য রয়েছে। ‘প্রবাস বন্ধু’ রচনাটি একটি ভ্রমণকাহিনি। এখানে লেখকের ভ্রমণকাহিনির নানা দিক বর্ণিত হয়েছে। আফগানিস্তানে লেখকের দেখাশোনার কাজে নিয়োজিত আবদুর রহমানের দেশপ্রেম, আতিথেয়তা, সারল্য—সবকিছুই এখানে উঠে এসেছে। কিন্তু উদ্দীপকে শুধু আলোচ্য রচনার আবদুর রহমানের মুখে বর্ণিত স্বদেশের নয়নাভিরাম সৌন্দর্যের বর্ণনা ও দেশপ্রেমের বিষয়টিই ফুটে উঠেছে।
খন্দকার আতিক, িশক্ষক
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা