প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ১০)—পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–১০

∎ সংক্ষিপ্ত প্রশ্ন

 

প্রশ্ন: পৃথিবীর গতি কয় ধরনের ও কী কী?

উত্তর: সৌরজগতে পৃথিবীর গতি প্রধানত দুই ধরনের। একটি হলো আহ্নিক গতি, যেখানে পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘোরে। অন্যটি হলো বার্ষিক গতি, যেখানে পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে।

প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?

উত্তর: পৃথিবী তার নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। এই গতির ফলেই পৃথিবীতে দিন ও রাত হয়।

প্রশ্ন: নিজ অক্ষের ওপর পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে?

উত্তর: পৃথিবী তার নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। নিজ অক্ষের ওপর পৃথিবীর একবার সম্পূর্ণ ঘুরে আসতে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড সময় লাগে।

প্রশ্ন: পৃথিবীতে দিন ও রাত কেন হয়?

উত্তর: আহ্নিক গতির সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে, সেখানে দিন হয়। আর অপর দিকে রাত হয়। এভাবেই আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।

প্রশ্ন: বার্ষিক গতি কী?

উত্তর: পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘোরার পাশাপাশি একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকেও ঘুরতে থাকে। সূর্যের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণন গতিকে বার্ষিক গতি বলে। এই গতির কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়।

প্রশ্ন: সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

উত্তর: সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে একবার সম্পূর্ণ ঘুরে আসতে পৃথিবীর প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে। এই সময়কেই আমরা এক বছর হিসাবে গণনা করি। এই বার্ষিক গতির কারণেই পৃথিবীতে বিভিন্ন ঋতুর আগমন ঘটে।

প্রশ্ন: ঋতু পরিবর্তন কেন হয়?

উত্তর: সূর্যের চারপাশে পৃথিবীর বার্ষিক গতি এবং পৃথিবীর অক্ষ কিছুটা হেলে থাকার কারণে ঋতু পরিবর্তন হয়। যার ফলে কোনো অঞ্চলে সূর্যের আলো কখনো তির্যকভাবে, কখনো খাড়াভাবে পড়ে। এতে তাপমাত্রার পরিবর্তন ঘটে, তাই ঋতু পরিবর্তিত হয়।

প্রশ্ন: পৃথিবীর অক্ষরেখা বলতে কী বোঝায়?

উত্তর: পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে কাল্পনিক সংযোজক সরলরেখাকে পৃথিবীর অক্ষরেখা বলে। পৃথিবী এই অক্ষকে কেন্দ্র করেই লাটিমের মতো ঘুরতে থাকে। সূর্যের চারদিকে ঘোরার সময় অক্ষরেখাটি একটু হেলানো অবস্থায় থাকে।

প্রশ্ন: পৃথিবীর উত্তর গোলার্ধ কখন সূর্যের দিকে হেলে থাকে?

উত্তর: ইংরেজি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। এর ফলে এই অঞ্চলে দিনের দৈর্ঘ্য বড় হয় এবং তাপমাত্রা বেড়ে যায়।

প্রশ্ন: আমাদের দেশে যখন গ্রীষ্মকাল, তখন সূর্যরশ্মি কীভাবে পড়ে?

উত্তর: আমাদের দেশ বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তখন আমাদের দেশে গ্রীষ্মকাল হয়। এই সময়ে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে তাপমাত্রা অনেক বেড়ে যায়।

  • মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
    সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা