ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের ১৬ জানুয়ারি হবে এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আজ শনিবাবার বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বুয়েটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে আবেদন ২১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। ফলে কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছিল। এবারও সে পদ্ধতিতে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কি না, বিজ্ঞপ্তিতে তেমন কোনো তথ্য জানানো হয়নি। ভর্তি আবেদনের শেষ সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে বুয়েট জানিয়েছে।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃ পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। এরপর এসব পরীক্ষার ফল প্রকাশ হবে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

ওই সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় ৪ লাখ ২০ হাজার শিক্ষার্থীর কেউ পুনঃ পরীক্ষায় উত্তীর্ণ হলেও বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।