কুটিরশিল্প
কুটিরশিল্প

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫।বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রশ্নগুলো সংক্ষিপ্ত, তাই উত্তরও হবে ছোট

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন থাকবে ৮টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে ২ করে মোট ১৬।

প্রশ্ন: কুটিরশিল্প কাকে বলে? কয়েকটি কুটিরশিল্পের নাম লেখো।

উত্তর: যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে তৈরি করা হয়, তখন তাকে কুটিরশিল্প বলে। উল্লেখযোগ্য কুটিরশিল্প আছে—কাঠশিল্প, কাঁসাশিল্প, মৃৎশিল্প ইত্যাদি।

প্রশ্ন: পানিদূষণের দুটি কারণ লেখো।

উত্তর: পানিদূষণের দুটি কারণ হলো:

১. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে।

২. কলকারখানার বর্জ্য নদীতে মিশে পানি দূষিত করছে।

প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলো কী কী?

উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলো নিচে দেওয়া হলো:

১. মূলধন ২. প্রাকৃতিক সম্পদ ৩. মানবসম্পদ

প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?

উত্তর: কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। 

কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। 

প্রশ্ন: পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে?

উত্তর: পরিবেশের বিপর্যয়ের কারণে ক্ষতিগুলো—

১. বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 

২. তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। 

প্রশ্ন: মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় কী?

উত্তর: আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এ বিষয়ে সবাইকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব।

প্রশ্ন: অটিজম কী? অটিস্টিক শিশু কারা?

উত্তর: যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না, তাকে অটিজম বলে। এসব সমস্যায় আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। অটিস্টিক শিশুদের ভাষার ব্যবহারও ভিন্ন। 

প্রশ্ন: সমাজে নারী-অধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে? দুটি উদাহরণ দাও।

উত্তর: আমাদের সমাজের নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে যেভাবে— 

১. মেয়েরা ছেলেদের মতো সমান শিক্ষার সুযোগ পায় না। 

২. চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে। 

প্রশ্ন: নারী নির্যাতনের মূল কারণগুলো কী কী?

উত্তর: নারী নির্যাতনের প্রধান কারণগুলো হলো: পুরুষের তুলনায় নারীদের নিম্ন মর্যাদা, যৌতুক, শিক্ষার অভাব, দারিদ্র্য, অর্থনৈতিকভাবে পুরুষের ওপর নির্ভরশীলতা ও কুসংস্কার।

*লেখক: মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা