বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এদিকে রাজধানীর মাতৃভাষা ইনস্টিউটে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।