প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫

আগামীকাল বৃত্তি পরীক্ষা শুরু, শেষ মুহূর্তের ১০ পরামর্শ

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা শুরু হবে আগামীকাল, ১৫ এপ্রিল।

গুছিয়ে নাও দরকারি জিনিসপত্র

পরীক্ষার প্রবেশপত্র, সিলেবাস, পরীক্ষার সময়সূচি, কলম, পেনসিল,  রাবার, ইরেজার, পেনসিল কাটার, স্কেল, বক্স ইত্যাদি, যা যা তোমার প্রয়োজন, তা এখনই গুছিয়ে রাখো।  মনে রেখো, আগামীকাল তোমার বৃত্তি পরীক্ষা শুরু।

পরীক্ষার সময় ভাগ করে নাও

বৃত্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট পাবে। অর্থাৎ ১৫০ মিনিট সময় পাবে। এ সময়ের মধ্যে বাংলায় ১৫টি, ইংরেজিতে ১৩টি,  গণিতে ১১টি ও প্রাথমিক বিজ্ঞানে ৪টি ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪টি করে মোট ৮টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি বিষয়ে সব কটি প্রশ্নের উত্তর লিখতে হলে সময় বিভাজন করে নাও। কোন বিষয়ের কোন প্রশ্নটি কত সময়ের মধ্যে লিখে শেষ করবে।

বৃত্ত ভরাট করা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় খাতায় সঠিকভাবে বৃত্ত ভরাট করবে। বৃত্ত ভরাটের সময় কোনো রকম কাটাকাটি করবে না। এতে পরীক্ষা ভালো হলেও খাতায় সমস্যা থেকে যাবে। তাই বৃত্ত ভরাটের সময় সতর্ক থাকবে।

প্রশ্নপত্র হাতে পেয়ে

পরীক্ষার প্রশ্নপত্রটি হাতে পেয়ে খুব মনোযোগসহকারে প্রথমে পড়ে নেবে। কোন কোন প্রশ্নের উত্তর তুমি ভালো পারো, তা আগে লিখবে। তা আগেই ঠিক করে নাও।

প্রশ্ন লেখার ধারাবাহিকতা

প্রশ্নের উত্তর খাতায় লেখার সময় অবশ্যই উত্তরে ধারাবাহিকতা বজায় রাখবে। যে প্রশ্নের উত্তর লিখবে, তা পুরোপুরি শেষ করে অন্য উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের উত্তরে ক, খ, গ, ঘ ইত্যাদি প্রশ্ন রয়েছে।

বানান ঠিক রাখবে

পরীক্ষার খাতা হলো একজন ছাত্রের মূল দলিল। তাই প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক বানানে লিখতে হবে। খেয়াল রাখবে কোনো বানান যেন ভুল না হয়।  ভুল বানানের কারণে পরীক্ষকেরা বিরক্ত হয়ে থাকেন।

কাটাকাটি করলে

পরীক্ষার খাতায় কোনো কিছু লেখা ভুল হতেই পারে। আর তা কাটার সময় ঘষাঘষি করবে না। এক টানে কাটবে, যাতে খাতাটি পরিষ্কার–পরিচ্ছন্ন থাকে।

অপ্রাসঙ্গিক কিছু লিখবে না

প্রশ্নে যা চেয়েছে, ঠিক তা–ই লিখবে। উত্তর বড় করার জন্য অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। তোমার লেখা উত্তর হওয়া চাই যথাযথ। অনেকে প্রশ্নের উত্তর না বুঝে অপ্রাসঙ্গিক কিছু লিখে থাকে। এটা করবে না।

রিভিশন দেবে ভালোভাবে

পরীক্ষায় লেখা শেষ হলে খাতা রিভিশন দেওয়ার জন্য সময় রাখবে ৫/৭ মিনিট। রিভিশন দিয়ে দেখবে প্রশ্নের নম্বর, বৃত্ত ভরাট, বানান ঠিকমতো আছে কি না।

মনে আত্মবিশ্বাস রাখবে

তুমি বৃত্তি পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করেছ, প্রস্তুতি নিয়েছ। তুমি ঠিকভাবে পড়াশোনা করেছ, তাই উত্তরও ঠিকভাবে লিখতে পারবে—মনে এই আত্মবিশ্বাস রাখবে।

  • মো. জসিম উদ্দীন বিশ্বাস, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা